নিজস্ব প্রতিনিধি: আরজিকর ইস্যুতে বারংবার তৃনমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃনমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এর জন্য একাধিকবার নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এই সাংসদ। জল্পনা ছিল দলের সাথে সম্পর্ক ঘুচছে সুখেন্দুর। তবে প্রকাশ্যে এল অন্য খবর। রাজ্যসভার আসন বদল করতে চাওয়া এই সাংসদই এবার ডাক পেলেন রাজ্যসভার সাংসদদের বৈঠকে। আর দলের সাথে সুসম্পর্ক গঠনে অনেকটা কুনাল ঘোষ সাহায্য করেছেন বলেই খবর।
বুধবার সাংসদ বৈঠকে আমন্ত্রণ পেয়েছন সুখেন্দু। মঙ্গলবার রাতে তাঁকে আমন্ত্রণ জানান ডেরেক ও’ব্রায়েন। তৃণমূল সূত্রে খবর, আজ থেকে তৃণমূলের সব কর্মসূচিতে থাকবেন সুখেন্দু।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজিকর হাসপাতালে কর্মরত তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসতেই প্রতিবাদে সরব হয়েছিলেন সুখেন্দু। একের পর এক বিতর্কিত পোস্ট করেছিলেন তিনি। এমনকী, সে সময় লালবাজারে তলবও করা হয় তাঁকে। তখন থেকেই দূরত্ব তৈরি হয়। তবে দূরত্ব দূর করতে আসরে নামেন কুণাল ঘোষ। পরামর্শ দেন মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার। সূত্রের খবর, কুণালের পরামর্শেই মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দেন সুখেন্দু। ভুল স্বীকার করে লেখেন, ‘মেয়ের বাবা হিসেবে আর জি কর কান্ড নিয়ে ব্যথিত ছিলাম। বিভিন্ন খবরে নানাভাবে বিভ্রান্ত হয়েছি।” এরপরই দেখা গেল বরফ গলন। আজ ধনকরের বিরুদ্ধে কর্মসূচিতে থাকবেন সুখেন্দু।