নিজস্ব প্রতিনিধি: দুই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘরে আটকে রেখে ১২ বছরের ওই দুই নাবালিকাকে যৌন হেনস্থা করেছে অভিযুক্তরা। এই ঘটনা ঘটেছে খাস কলকাতার বুকে বেহালার সরশুনায়। বৃহস্পতিবার এই নক্কারজনক ঘটনাটি ঘটেছে। তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যজনের খোঁজে জারি রয়েছে তল্লাশি।
স্থানীয় সূত্রে খবর, দুই নির্যাতিতার বয়স ১২ বছর। বৃহস্পতিবার রাতে তারা খেলতে বেরিয়েছিল। অভিযোগ, তখনই তাদের যৌন হেনস্থা করা হয়। অভিযোগের তির যায় দুই যুবকের দিকে। তারাই নাবালিকাদের ভুলিয়ে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে বলে অভিযোগ।
এদিকে খেলতে যাওয়ার পর থেকেই নাবালিকাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের খোঁজ চলছিল। প্রায় ঘণ্টাখানেক পর সরশুনার চন্দ্রপল্লীর একটি ঘর থেকে দু’জনকে উদ্ধার করা হয়। দুই যুবকের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন (পকসো)-এর ৮ এবং ১০ নম্বর ধারায় মামলা করা হয়েছে।
গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ করা হয় স্থানীয় থানায়। তদন্তে নেমে শুক্রবার এক জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিশ্বজিৎ ওরফে সুখেন। তিনি ঠাকুরপুকুরের শশিভূষণ রোডের বাসিন্দা। শুক্রবারই তাঁকে আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়া হবে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রি ৯টার দিকে দুই নাবালিকাকে যৌন হেনস্থা করেন তিনি ও তাঁর সঙ্গী কালু। সুখেনকে ধরতে পারলেও কালু এখনও পলাতক। তাঁর খোঁজ চলছে।
বর্তমান সময়ে রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে। আরজি কর কাণ্ডের পর আনা হয়েছে অপরাজিতা আইন। তারপরেও ধর্ষণের সংখ্যা কমছে কই। ধীরে ধীরে নারী নির্যাতন এক ব্যাধিতে পরিণত হচ্ছে।