নিজস্ব প্রতিনিধি : সাতসকালে কলকাতার বুকে দাউ দাউ করে জ্বলছে আগুন। নারকেলডাঙা মেনরোড সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড।একটি পাঁচতলা বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকা কাজের গোডাউনে আগুন লাগে।সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসে স্থানীয়রা।অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে। আরও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৯টি ইঞ্জিন।
প্রতক্ষদর্শীরা জানিয়েছে,শনিবার সকাল ৬টা নাগাদ প্রথম গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু সময়ের মধ্যে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথম আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর দমকলে খবর দেওয়া হয়।এখনও পর্যন্ত চলছে আগুন নেভানোর কাজ।
দমকল কর্মীদের দাবি ওই এলাকা অত্যন্ত ঘন জনবসতি ও ঘিঞ্জি এলাকা।তাই ঘটনাস্থলে পৌঁছোতে তাদের বেশ কিছু সময় লাগে।ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা বহুতলের বাসিন্দাদের নিরাপদে সকলকে নামিয়ে নিয়ে আসে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।সাত সকালে আগুনের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক হয় নি।ঠান্ডা জল দিয়ে গোটা এলাকা ঠান্ডা করার কাজ চলছে।
একইসঙ্গে দমকল কর্তারা জানিয়েছে, বন্ধ থাকা অবস্থায় কিভাবে ওই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা স্পষ্ট নয়।দমকলের কর্তারা বলছেন, গোটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই অগ্নিকাণ্ড কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হবে। সেক্ষেত্রে কোনও গাফিলতি থাকলে গোডাউনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে অনুমান, বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকা গোডাউনে প্রচুর পরিমাণ কাগজের বাক্স ও নানা ধরনের দাহ্য পদার্থ মজুত ছিল। তার জেরেই আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ধোয়াঁয় ঢেকে যায়।সঠিক সময়ে দমকল কর্মীরা না পৌঁছোলে বড়সড় বিপদ ঘটে যেতে পারত বলে জানিয়েছে স্থানীয়রা।