নিজস্ব প্রতিনিধিঃ ২১ জুলাই শহিদ দিবস। প্রতিবছরের মত এবারও ধর্মতলায় শহিদ দিবসের আয়োজন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর ২১ জুলাই মঞ্চ থেকেই বিজেপির দুই সাংসদ যোগ দিতে চলেছে তৃণমূলে। এমনই দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। তবে কারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন তা এখন জানা যায়নি ।
কুণাল ঘোষ বলেন, ‘ আগামী ২১ জুলাই মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বিজেপির দুই সাংসদ। তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই জানেন। শুধু তাই নয় অনেক বিধায়ক যোগ দিতে চাইছেন। তা দলের শীর্ষ নেতারা দেখছেন।‘ বলা বাহুল্য, এই প্রথম নয়। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির ১০ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছেন বলে জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বক্তব্যের পর বিজেপির অন্দরে বেড়েছিল চাপ। এই আবহে ২১ জুলাই মঞ্চে বিজেপির দুই বিধায়ক তৃণমূলে যোগ দেবেন বলে দাবি করলেন কুণাল ঘোষ।
উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরেই শহিদ দিবসের দিন একের পর এক চমক দিয়ে থাকে তৃণমূল কংগ্রেস। তাই সব দল ওই দিন নজর রাখে ঘাসফুলের ওপর। তারমধ্যে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলার ২৯ আসনে জয়ের পর ২১ জুলাইকে সামনে রেখেই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় জনসভা। তা নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির অন্দরে শুরু হয়েছে জল্পনা।