নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে প্রজাতন্ত্র দিবসে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতি মেনে প্রতিবছরের মত এবারও ২৬ জানুয়ারি রাজভবনে চা চক্রে গেলেন তিনি । আর সেখানে গিয়েই মুখ্যমন্ত্রী দেখেন কলকাতা পুলিশের ব্যান্ডকে দাঁড় করিয়ে রেখে বিএসএফকে দিয়ে অনুষ্ঠান করানো হচ্ছে । এই ঘটনা দেখেই উষ্মাও প্রকাশ করেন তিনি ৷ কেন কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷
সূত্রের খবর রবিবার বিকেল ৪ টে বেজে ২৯ মিনিটে রাজভবনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্বাগত জানাতে সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুরু হয় জাতীয় সংগীত। সেই সময় মুখ্যমন্ত্রী দেখেন সেখানে বিএসএফের শাখা সীমা সুরক্ষা ব্যান্ড থাকলেও কলকাতা পুলিশের বাহিনী নেই ।
তা দেখা মাত্রই মুখ্যমন্ত্রী সোজা রাজভবনের সামনে আউটপোস্টে চলে যান এবং দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের কাছ থেকে বিষয়টি নিয়ে খোঁজখবর করেন ৷ তখনই মমতা জানতে পারেন, রাজভবনের গেটে আটকে দেওয়া হয়েছে পুলিশ ব্যান্ডকে । তাতে রীতিমত উষ্মাপ্রকাশ করেন তিনি। তবে পরবর্তীতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর রাজভবনে প্রবেশ করে পুলিশ ব্যান্ড। কিন্তু কী কারণে এদিন তাদেরকে রাজভবনে ঢুকতে দেওয়া হয়নি তা এখন জানা যায়নি ।