নিজস্ব প্রতিনিধি :- সিবিআইয়ের ওপর কোন ভরসা নেই, আরজি কর কাণ্ডে এই দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা বাবা। গত বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন নির্যাতিতার মা-বাবা। এবার সেই আবেদনে এখনই সাড়া দিল না আদালত। মঙ্গলবার এমনই এক নির্দেশ দিল আদালত।
এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানায়, হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নজরদারিতে তদন্ত চলছে কি না, তা আগে জানা প্রয়োজন রয়েছে। মঙ্গলবার সিবিআই এবং নির্যাতিতার পরিবার এই নিয়ে ভিন্ন মতামত দেয়। প্রধান বিচারপতির বেঞ্চ আরজি কর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ সংক্রান্ত রায়ে জানিয়েছিল, নিয়মিত তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে। ফলে আদালতের নজরদারি রয়েছে বলে মনে করছেন বিচারপতি ঘোষ। যদি প্রধান বিচারপতির বেঞ্চের নজরদারিতে তদন্ত চলে সেক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ মামলাটি শুনতে পারা যাবে না। তাই তদন্তে আদালতের নজরদারি রয়েছে কি না সেই বিষয়টি স্পষ্টভাবে জানতে চায় আদালত। মামলার পরবর্তী শুনানি ১৫ জানুয়ারি। সেই দিনই মামলাটি গ্রহণ করা নিয়ে সিঙ্গল বেঞ্চ তার অবস্থান স্পষ্ট করবে।
প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে কর্মরত চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় গত ১৩ ডিসেম্বর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জামিনের নির্দেশ দেয় আদালত। আদালতে সিবিআই চার্জশিট জমা না দেওয়া এই জামিন পেয়েছিলেন তাঁরা। এরপরই কান্নায় ভেঙ্গে পড়ে নির্যাতিতার পরিবার। ‘সিবিআই তদন্তে ভরসা নেই’ , এই আওয়াজ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার মা-বাবা।