নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ইডি-র দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন করেছিলেন মানিক। এদিন বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর সেই আবেদন মঞ্জুর করে। তবে বেশ কয়েকটি শর্তে জামিন পান মানিক।
কী কী শর্তে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি? হাইকোর্টের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁকে তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। পাসপোর্ট জমা রাখতে হবে নিন্ম আদালতে। দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত কোন সাক্ষীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না মানিক। শুধু তাই নয় তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া তিনি বাইরে কোথাও যেতে পারবেন না।
উল্লেখ্য, ২০২২ সালে অক্টোবর মাসে নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করেছিল ইডি। সেই থেকে তিনি জেলে। ইডির তরফে অভিযোগ করা হয়েছিল মানিক ওএমআর শিট নষ্ট করেছে। আর সেই অভিযোগের কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি বারাবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহা। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শীর্ষ আদালত মানিকের জামিন মঞ্জুর না করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল হাইকোর্টে আবেদন জানাতে। আর সুপ্রিমের এই নির্দেশের পরেই ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মানিক। এদিন ছিল জামিনের শুনানি। আর সেইসময় বিনা বন্ডেই ২৩ মাস পর জামিন পেলেন মানিক ভট্টাচার্য।