নিজস্ব প্রতিনিধি : ওবিসি জটে আটকে গিয়েছে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ৷ জয়েন্টের ফলাফল স্থগিত করা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের যাওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। সেখান থেকেই তিনি আইনি পথে লড়াই করার কথা বলেছেন।
তিনি বলেছেন, সু্প্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টের অন্যরকম বিবেচনা হতে পারে সেটা ধারনার বাইরে ছিল। হাইকোর্টের রায়ের জন্য একটা জট তৈরি হয়েছে। কিন্তু দ্রুত পোর্টালের মাধ্যমে ভর্তির তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার জয়েন্টের ফলপ্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের মন্তব্য, নতুন ওবিসি তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না। মেধাতালিকা প্রকাশ করার ক্ষেত্রে ২০১০ সালের আগের ৬৬ ওবিসি শংসাপত্রকে মান্যতা দিতে হবে। অর্থাৎ পুরানো নিয়ম মেনেই তালিকা প্রকাশ করতে হবে।
৩ মাস পেরিয়ে গিয়েছে রাজ্য জয়েন্টের পরীক্ষার। এখনও হয়নি ফলপ্রকাশ। বৃহস্পতিবার ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। এদিন রেজাল্ট প্রকাশ হবে কিনা সেই বিষয়ে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে মনে করা হচ্ছিল বৃহস্পতিবার সম্ভবত ফল প্রকাশ হচ্ছে না। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এর ফল ঘোষণার কথা এদিন বলা হয়েছিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি মামলা ছিল। সেই মামলার কারণেই ফল প্রকাশ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছর জয়েন্ট এর পরীক্ষা হয়েছিল চলতি বছরের ২৭ এপ্রিল। মাঝে পেরিয়ে গিয়েছে তিন মাস। কিন্তু ফল প্রকাশ হয়নি। বোর্ডের পক্ষ থেকে সম্ভাব্য তারিখ হিসেবে বৃহস্পতিবারের কথা বলা হয়েছিল। কিন্তু তারপরেও কাটেনি অনিশ্চয়তা। এবার এই নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কথাই ভাবছে রাজ্য।