নিজস্ব প্রতিনিধিঃ ফের দার্জিলিঙে ঘটল পর্যটক মৃত্যু । ঘুরতে গিয়ে প্রাণ হারালেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা অমিয়নাথ ঘোষ । জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে কাঞ্চনজঙ্ঘা দেখে এসেই হোটেলেই অসুস্থ হয়ে পড়েন তিনি । সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় দার্জিলিং জেলা হাসপাতালে । আর সেখানেই প্রাণ হারান ৫৫ বছরের অমিয়নাথ ।
জানা গিয়েছে, গত ২৯ জানুয়ারি সপরিবার পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন অমিয়নাথ । ৩০ জানুয়ারি এনজিপি থেকে তারা যায় দার্জিলিঙে। ওখান থেকেই সকালে কাঞ্চনজঙ্ঘা দেখে ও আশপাশের এলাকা ঘুরে হোটেলে ফিরে অসুস্থ বোধ করেন অমিয়নাথ। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । সেখানেই প্রাণ হারান অমিয়নাথ । পরিবারের তরফে জানা গিয়েছে, শনিবার তাদের টাইগার হিল ঘুরতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে আর ঘুরতে যাওয়া হল না প্রৌঢ়ের । তারআগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রাণ হারান ।
এই ঘটনা প্রসঙ্গে জিটিএ হেলথ ইনচার্জ রাজেশ চৌহান জানিয়েছেন, ‘রাতে আচমকা অসুস্থ বোধ করেন ওই পর্যটকের । তারপর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তিনি প্রাণ হারান । দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে ।‘ বলা বাহুল্য, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েও দার্জিলিঙে বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছিল। এর এক মাসের মধ্যেই ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি । আর তাতেই পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ।