নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল কংগ্রেসের জেলা ছাত্র সভাপতির বিরুদ্ধে উঠল এক মহিলাকে কুরুচিকর মেসেজ করার অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে তৃণমূলের তনয় তালুকদারকে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন লোয়ার বাগডোগরা এলাকায়। অভিযোগ উঠেছে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী এক মহিলাকে কু-প্রস্তাব দিতেন ঘাসফুল শিবিরের ওই ছাত্র নেতা। আর এই খবর সামনে আসতেই এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
এই ঘটনার পর অভিযুক্ত ছাত্রনেতাকে আটক করেছে বাগডোগরা থানার পুলিশ । থানায় তাঁর নামে দায়ের হয়েছে অভিযোগ। এই প্রসঙ্গে স্থানীয় এক যুবক জানিয়েছেন, ‘রাজনৈতিক প্রভাব দেখিয়ে তনয় তালুকদার এরআগেও মহিলাদের নানান কুপ্রস্তাব দিতেন। আমরা চাই তৃণমূল কংগ্রেসের জেলা ছাত্র সভাপতির বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।‘
জানা গিয়েছে, বাগডোগরায় একটি কলেজে অশিক্ষক কর্মচারী হিসাবে কাজ করেন অভিযুক্ত নেতা। তাঁর স্ত্রী আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত । শাসক দলের জেলা সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ উঠতেই সরব হয়েছে বিরোধি শিবির । তবে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে তৃণমূলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।