নিজস্ব প্রতিনিধিঃ- পুকুরে ভাসছে রাশি রাশি প্লাস্টিক। গত দু’দিন ধরে জলে ভাসা প্লাস্টিকের থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে প্লাস্টিক উদ্ধার করে খুলে দেখতেই চোখ কপালে ওঠে তদন্তকারী আধিকারিকদের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বারাসত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর এক নম্বর বেঙ্গল কেমিক্যাল এলাকায়। রবিবার পুকুরটি থেকে ৩টি প্যাকেট উদ্ধার হয়েছে। যেখান থেকে পাওয়া গিয়েছে দেহাংশ।
স্থানীয় সূত্রে খবর, গত ৩ থেকে ৪ দিন ধরেই পুকুরে ভাসছিল কিছু প্লাস্টিক। শনিবার থেকেই সেই প্লাস্টিকগুলি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল এলাকা জুড়ে। শনিবার রাতেই স্থানীয়রাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ। রাতে একটি প্যাকেটে দেহাংশ পাওয়া গিয়েছিল। রবিবার ফের সেখানে যান তদন্তকারীরা। নতুন করে আরও ৩টি প্যাকেট উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। প্রতিটি প্যাকেটেই দেহাংশ পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা সাহেব পাল বলেন, ‘পুকুরের আশেপাশে কোনও সিসি টিভি ক্যামেরা নেই। নিরাপত্তার স্বার্থে সিসিটিভি অন্তত বসানো উচিত ছিল।’ পুকুরটি ঘন জনবসতিপূর্ণ এলাকায়। সেখানে কে বা কারা এই দেহ ফেলে গেল? দেহটি কার? এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ জানাচ্ছে, কার দেহ তা এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।