নিজস্ব প্রতিনিধিঃ সামনেই দুর্গাপুজো। তার আগেই শনিবার সকালে সাড়ে ১০ টা নাগাদ শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল একের পর এক দোকান। পুজোর মুখে এই ঘটনায় মাথায় হাত পড়ল ব্যবসায়ীদের। জোর কদমে চলেছে আগুন নেভানোর কাজ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে একাধিক দমকল বাহিনী।
সূত্র মারফত খবর, এদিন সকালে আচমকাই বিধান মার্কেটের একটি কাপড়ের দোকানে প্রথমে আগুন লেগে যায়। এরপর ছড়িয়ে পড়ে আগুন। তাতেই এখন পর্যন্ত ৬ টা দোকান পুড়ে গিয়েছে বলে খবর। তবে আগুন নেভানোর পর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কী করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে ব্যস্ত দিনের শুরুতেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটের ভিতরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
উল্লেখ্য, স্বস্তির বিষয় এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই ঘটনায় পুজোর মুখে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুজোর মুখে এই ঘটনায় চিন্তায় পড়েছেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।