নিজস্ব প্রতিনিধিঃ পুজোর আগেই সুখবর। মাদারিহাট থেকে চালু হতে চলেছে পর্যটকদের জন্য একদিনের ডুয়ার্স প্যাকেজ। রবিবার মাদারিহাট ট্যুরিস্ট লজ থেকে শুরু হয়ে গিয়েছে এই প্যাকেজ। তাও আবার সাধ্যের মধ্যেই। এই প্যাকেজের জন্য মাথা পিছু খরচ ৯৯৯ টাকা। তাই পুজো ছুটিতে একদিনের জন্য ঘুরে আসতেই পারেন ডুয়ার্স থেকে। জানা গিয়েছে, রবিবার থেকে ১৬ সিটের দুটো এসি বাস এই প্যাকেজ ট্যুরে চালানো হচ্ছে।
এই প্যাকেজে কী কী মিলবে সুবিধা?
মাদারিহাট থেকে বাসে করে ভুটানের ফুন্টশোলিং হয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিমা ভিউ পয়েন্ট, রাজাভাতখাওয়া মিউজিয়াম, জয়ন্তী রিভার ভিউ, মাঝের ডাবরি চাবাগান ও সিকিয়াঝোরা পার্কে ঘুরতে যেতে পারবেন। শুধু তাই নয় ৯৯৯ টাকায় মিলবে দুপুরের খাবারও । আর এই বাসে করেই আবার মাদারহিট ফিরেও আসা যাবে। একথায় পুজোর আগে এই প্যাকেজ শুরু হতে আনন্দিত ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকেরা।
উল্লেখ্য, এদিন এই প্যাকেজ ট্যুরের উদ্বোধন করেছেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা। উদ্বোধনের পর তিনি জানান, ‘গাড়ি ভাড়ার কারণেও অনেক পর্যটক আমাদের জেলার পর্যটন স্থানগুলো ঘুরতে পারেন না। তাই জেলার বিভিন্ন পর্যটকদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।‘ আর তাতেই খুশি পর্যটকেরা।