নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা। পদ্মা নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল। এদিন তাঁর দেহ উদ্ধার হয় পদ্মা নদীর ধার থেকে। স্বাভাবিকভাবে এই ঘটনায় কিশোরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, নিহত ওই কিশোর হলেন বছর ১৭- এর আশিক সেখ। সে মাহাতাব কলোনির বাসিন্দা। বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর তাঁর খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার পদ্মা নদীর তীরে এসে পরিবার ও স্থানীয়রা দেখতে পান কিশোরের চপ্পল এবং সাইকেল। এরপর তারা নদীতে নেমে তল্লাশি শুরু করে। আর এই তল্লাশি হতেই উদ্ধার হয় আশিকের নিথর দেহ।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক মাঝি জানান,’ ওই কিশোরকে বুধবার নদীর ধারে দেখেছিলাম। আজ শুনছি সে মারা গিয়েছে।‘এক আত্মীয় জানান,’ বুধবার থেকে আশিক নিখোঁজ ছিল। এদিন সকালে পদ্মার ধারে ওর চপ্পল ও সাইকেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। এরপরেই আশিকের দেহ নদী থেকে উদ্ধার হয়।‘ কিশোরের মা জানান,’ জলের প্রতি তাঁর ছিল প্রবল ঝোঁক। সেইজন্য বারবার জলে কাছে যেত ছেলে। তবে মৃগী রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আর জল থেকে উঠতে পারেনি।‘ স্বাভাবিকভাবে এই মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।