নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। লাগাতার চলছে আন্দোলন। কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকরা। এই আবহে রাজ্যের এক তরুণীর ওপর অ্যাসিড হামলা। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ে। ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে ওই তরুণীর শরীরে অ্যাসিড ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ।
বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। বর্তমানে ওই তরুণী গুরুতর জখম অবস্থায় তরুণী হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ইতিমধ্যেই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে বেলুড় থানার পুলিশ। কে বা কারা এই ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত এই ঘটনার জন্য কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
অ্যাসিড হামলা প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডি সি পি (নর্থ) বিশপ সরকার জানিয়েছেন,’ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘরের দেওয়ালে যে ঘুলঘুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড ছোড়া হয়। তাতে ওই তরুণী ও তাঁর মা জখম হন। তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয়। ‘ এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে ওই তরুণীর পরিবার কিছু জানাতে পারেনি। তবে তারা এই ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তির দাবি করেছেন। ব্যক্তিগত আক্রোশ না অন্য কোন কারণে এই অ্যাসিড হামলা ঘটে তা নিয়ে তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ।