নিজস্ব প্রতিনিধি : বেশ কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছিল বঙ্গবাসী। শেষ পর্যন্ত বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হল স্বস্তির বৃষ্টির। তবে এই বৃষ্টির মধ্যেই বাজ পড়ে মৃত্যু হল দুজনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায়।
প্রথম ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ে। এদিন দুপুর তিনটের পর বৃষ্টির সঙ্গে সঙ্গে অনবরত বাজ পড়তে থাকে দক্ষিণ ২৪ পরগনায়। সেইসময় ফুটবল খেলছিলেন কয়েক জন যুবক। সেইসময়ই বাজ পড়ে মৃত্যু হল সফিক মোল্লা নামে এক নাবালকের। সফিকের বাড়ি তালদি পঞ্চায়েতের শিবনগর গ্রামে। সফিককে গুরুতর আহত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নাবালকের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বাসন্তীর চুনাখালিতে। এদিন দক্ষিণ ২৪ পরগনার বিভি্ন্ন জায়গায় যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছিল, তখন চুনাখালি গ্রাম পঞ্চায়েতের হাট খোলা মাঝের পাড়া এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন রহমান মোল্লা নামে এক যুবক। জানা গিয়েছে, বাড়ির কাছেই মাছ ধরছিল সে। মাছ ধরে বাড়ি ফেরার সময়ে বজ্রাঘাতে মৃত্যু হয় রহমানের।