নিজস্ব প্রতিনিধি, গাজোল : চোখের সামনে ভাইকে জলে ডুবে যেতে দেখে নিজেও ঝাঁপ দিয়েছিল বছর সাতের শিশুটি। কিন্তু ভাইকে বাঁচাতে যেমন পারেনি, তামন নিজেই বাঁচতে পারেনি সে। জলে ডুবে মৃত্যু হয়েছে ২ ভাইয়ের। পাঁচ ও সাত বছরের দুই ছেলেকে একই দিনে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছে মালদার গোটা পরিবার।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদার গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের দোঁয়াস গ্রামে। মৃত দুই বালকের বাবা রবি মুদি পেশায় সিভিক ভলান্টিয়ার। গাজোল থানায় কর্মরত তিনি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার তিনি কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। তখনই খবর পান দুই ছেলে পরবিন্দু মুদি ও অভি মুদি গ্রামের পুকুরে পড়ে গেছে। খবর পেয়ে দ্রুত সেই পুকুর পাড়ে ছুটে যান বাড়ির সকলে। কিন্তু ততক্ষণে সব শেষ। পুকুরে গিয়ে তাঁরা দেখতে পান গ্রামবাসীরা দুই ছেলের নিথর দেহ পুকুর থেকে তুলে আনছেন। এরপরেই বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। শোকে কার্যত পাগল হয়ে যান তাঁরা। পরে গ্রামবাসীরা দুই বালকের নিথর দেহ গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক ২ ভাইকেই মৃত বলে ঘোষণা করেন। দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দুই বালকের মৃত্যুর খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ পরিবারকে সান্তনা, সমবেদনা জানানোর চেষ্টা করে। পরে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে। শোকের ছায়া গোটা এলাকায়।