নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জল্পনায় ইতি।শেষ পর্যন্ত ঘর ভাঙল ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চহালের। গতকাল বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি)মুম্বইয়ের এক পারিবারিক আদালত ধনশ্রী বর্মা ও যুজবেন্দ্রের বিবাহ বিচ্ছেদের আর্জিতে সিলমোহর দিয়েছে।যদিও দুজনে এই বিচ্ছেদ নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া জানাননি।তবে সমাজমাধ্যমে ইঙ্গিতবহ পোস্ট করেছেন। দুজনেই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন।
গত কয়েক মাস ধরেই সমাজমাধ্যমে মডেল ধনশ্রী বর্মার সঙ্গে যুজবেন্দ্র চহালের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। দুজনের বিভিন্ন ছবি বুঝিয়ে দিয়েছিল, তারকা দম্পতির সংসার জীবনে স্পষ্ট ভাঙন ধরছে। যদিও এ বিষয়ে কেউ সরাসরি কিছু বলেননি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সরাসরি স্বীকার না করলেও ধনশ্রী এবং যুজবেন্দ্র-দুজনেই বিবাহ বিচ্ছেদ চেয়ে মুম্বইয়ের এক পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। গত দেড় বছর ধরে তারা পৃথকভাবে বসবাস করছেন বলে আর্জিতে উল্লেখ করেছিলেন। বেশ কয়েক দফা শুনানিও হয়েছিল ওই আবেদনের। গতকাল বৃহস্পতিবার ছিল চূড়ান্ত শুনানি। আদালতে হাজির ছিলেন তারকা দম্পতি। প্রায় ৪৫ মিনিট শুনানি শেষে ধনশ্রী ও যুজবেন্দ্রের বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেন বিচারক।
ধনশ্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে ইনস্টাগ্রামে এক পোস্টে যুজবেন্দ্র লিখেছেন, ‘ঈশ্বর আমাকে কতবার রক্ষা করেছেন, তা গুণেও শেষ করতে পারব না। প্রতিবারই বিপদ থেকে আমি কীভাবে রক্ষা পেয়েছি, তা বুঝতে পারিনি। তবে আমি নিশ্চিত, ঈশ্বরই পরিত্রাতা হয়ে আমাকে রক্ষা করেছেন।’