নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ শুরু হতে আর দু’মাসও বাকি নই। আর বিশ্ব ফুটবলের মহাযুদ্ধের মুখেই সৌদি জাতীয় দলের কোচ হার্ভে রেনার্ডকে বরখাস্ত করা হয়েছে। সৌদি ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই বিকল্প কোচের খোঁজ শুরু করেছে। রেনার্ডের উত্তরসূরি হিসেবে গ্রিসের প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় জর্জিওস ডনিসের নাম নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে। বর্তমানে তিনি সৌদি ক্লাব আল খালিজের দায়িত্বে রয়েছেন।
আসন্ন বিশ্বকাপ ফুটবলে এইচ গ্রুপে পড়েছে সৌদি আরব। একই গ্রুপে রয়েছে দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ে এবং নবাগত কেপ ভার্দে। গ্রুপের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ৩২ বছর আগে ১৯৯৪ সালে আমেরিকার মাটিতেই সৌদি আরব তাদের বিশ্বকাপের সেরা সাফল্য হিসেবে শেষ ষোলোয় খেলেছিল। কোচ রেনার্ডের প্রশিক্ষণেই ২০২২ সালে কাতার বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিল সৌদি আরব। এমনকি বিশ্বকাপের গ্রুপ পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে ২-১ গোলে জিতেছিল। বিশ্বকাপ শেষে সৌদি দলের দায়িত্ব থেকে বিদায় নিয়েছিলেন রেনার্ড। এর পর ফরাসি মহিলা দলের প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছিলেন। ২০২৩ সালের মহিলা বিশ্বকাপ এবং ২০২৪ প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে দলকে পৌঁছে দিয়েছিলেন তিনি। তাছাড়া কোচ হিসাবে জাম্বিয়া এবং আইভরি কোস্টকেও আফ্রিকা কাপ অব নেশনস জিতিয়েছিলেন ৫৭ বছর বয়সী রেনার্ড।
২০২৪ সালের শেষ দিকে ইতালিয়ান কোচ রবার্তো মানচিনিকে বরখাস্ত করার পর প্রাক্তন কোচ রেনার্ডকে দ্বিতীয়বারের মতো দায়িত্ব দিয়েছিল সৌদি আরব ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের মুখে কোচের দায়িত্ব হারিয়ে খানিকটা ভেঙে পড়েছেন রেনার্ড। তিনি জানিয়েছেন, ‘সৌদি ফুটবল ফেডারেশনের কর্তাদের নির্দেশেই কোচের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন।’ নিজের অর্জন নিয়ে গর্ব প্রকাশ করতে গিয়ে হার্ভে রেনার্ড এও জানিয়েছেন, সৌদি আরব মোট সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং এর মধ্যে দুইবারই তারা কোয়ালিফাই করেছে তাঁর অধীনে।