নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছিলেন। তার পুরস্কার হিসাবেই জস বাটলারদের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে ঢুকলেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ স্পিনার বরুণ চক্রবর্তী। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে এ কথা জানানো হয়েছে।
🚨 𝗡𝗘𝗪𝗦 🚨
Varun Chakaravarthy added to India’s squad for ODI series against England.
Details 🔽 #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) February 4, 2025
সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছেন সূর্যকুমার যাদবরা। আর ওই জয়ের পিছনে বিশেষ অবদান ছিল তরুণ স্পিনার বরুণ চক্রবর্তীর। পাঁচ ম্যাচে বিপক্ষের ১৪ ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন। শুধু তাই নয়, বল হাতে ভেল্কি দেখিয়ে হারের মুখে থাকা দলকে জয় এনে দিয়েছেন। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলে ঠাঁই হয়নি তাঁর। তবে সদ্য অবসর নেওয়া ভারতকে বহু ম্যাচে জেতানো প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও বরুণের হয়ে সওয়াল করেছেন। তাঁর কথায়, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বরুণের থাকা উচিত ছিল কিনা তা নিয়ে বিতর্ক চলছে। তবে আমার মনে হয় এখনও যেহেতু চূড়ান্ত দল ঘোষণা হয়নি তাই বরুণের জায়গা পাওয়ার সম্ভাবনা রযেছে। চূড়ান্ত দলে সুযোগ পেতেই পারে।’
এদিনই জানা গিয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য নাগপুরে অনুশীলনরত ভারতীয শিবিরে যোগ দিয়েছেন বরুণ। ভারতীয় দলের প্র্যাক্টিসে যোগ দেওয়ার পরেই জল্পনা শুরু হয়েছিল, মূল দলে অন্তর্ভুক্ত হতে পারেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ স্পিনার। সেই জল্পনাই সত্যি হল। বিকালেই সুখবর জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।