নিজস্ব প্রতিনিধিঃ গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শনিবার রাতে ISL ডার্বি ম্যাচ খেলতে নামতে চলেছে ইষ্টবেঙ্গল এবং মোহনবাগান। এদিনের ডার্বিতে এই লড়াইয়ের উপর অবশ্যই সকলের নজর থাকবে। এই লড়াইটা নির্ধারণ করবে গোটা ম্যাচের ফলাফল। কারণ, ইস্টবেঙ্গলের কাছে এই ডার্বি ঘুরে দাঁড়ানোর শেষ ধাপ। আজকের ম্যাচ জিততে পারলে শুধু লিগ টেবলে দশে উঠে আসার সঙ্গে সুপার সিক্সে তারা যেতে পারবে । আর এদিনের ডার্বি জিতলে মোহনবাগানের সামনে এবারও আইএসএলের লিগ–শিল্ড জয়ের পথটা প্রশস্ত হয়ে যাবে।
তবে খাতায়-কলমে এবারের ডার্বিতে ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই শক্তিশালী মোহনবাগান। কারণ লাল হলুদের চোট আঘাত তালিকা দীর্ঘ। ক্রেসপো চোট সারিয়ে ফিরলেও বড় ম্যাচে খেলার মতো অবস্থায় নেই। শুক্রবার সকালে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে ডার্বির শেষ প্রস্তুতিতে আসেননি রাকিপ, প্রভাত, আনোয়ার। তিন জনেরই চোট। তাই এদিনের ম্যাচ বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোর কাছে।
অন্যদিকে এই ডার্বি নিয়ে বেশ আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ মোলিনা । তিনি বলেছেন,’ চোট আঘাত তো খেলার অঙ্গ। তাই অনিরুদ্ধ না থাকলেও ওর পজিশনে খেলার জন্য সাহল, টাংরি, গ্লেনরা আছে। আমার এক বা দু–জন ফুটবলারের উপর নির্ভরশীল নয়।’বলা বাহুল্য, ২০০৯ সালে ৩১ ডিসেম্বর গুয়াহাটিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। একদিকে লাল-হলুদ জার্সিতে বাইচুং-ইয়াকুবু। আরেকদিকে মোহনবাগান জার্সিতে ব্যারেটো-চিডি। আর সেই ম্যাচ জিতেছিল ইষ্টবেঙ্গল। এবার ফের ১৫ বছর পর গুয়াহাটির মাটিতে একসঙ্গে লড়াই করতে চলেছে লাল- হলুদ এবং সবুজ- মেরুন শিবির ।