নিজস্ব প্রতিনিধি: লাগাতার চোটের কারণে অবশেষে ফুটবলকে ‘বিদায়’ জানালেন স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকানতারা। ৩৩ বছর বয়সী ফুটবলারের আচমকা অবসরের সিদ্ধান্ত চমকে গিয়েছেন তাঁর সতীর্থরা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে বুট তুলে রাখার কথা ঘোষণা করেছেন প্রাক্তন লিভারপুল তারকা।
১৯৯৪ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের অন্যতম সদস্য মাজিনিওর বড় সন্তান থিয়াগো মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবল শুরু করেন বার্সেলোনার হয়ে। বার্সার হয়ে চারটি লা লিগা ও একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিলেন। ২০১৩ সালে বার্সা ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন থিয়াগো। বায়ার্নের হয়ে বুন্দেশলিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিলেন। চার বছর জার্মান ক্লাবে খেলার পরে যোগ দেন লিভারপুলে। ইংলিশ প্রিমিয়ার ক্লাবটিতে খেলাকালীন ২০২২-২৩ মরসুমের শেষের দিকে চোট পান তিনি। সেই চোটের কারণে অস্ত্রোপচারও করতে হয় তাঁকে। গত ফেব্রুয়ারিতে আর্সেনালের বিপক্ষে বদলি হিসেবে নামার পর আবার চোটে পড়ে ছিটকে যান। ব্রাজিল বংশোদ্ভুত হলেও স্পেনের জার্সি গায়েই আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটেছিল থিয়াগোর। স্পেনের হয়ে ১০ বছরে মোট ৪৬টি ম্যাচ খেলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলকে ‘আলবিদা’ জানাতে গিয়ে ৩৩ বছর বয়সী থিয়াগো লিখেছেন, ‘ফুটবলকে ধন্যবাদ। যাঁরা আমাকে এই পথচলায় সঙ্গ দিয়েছেন, আমাকে ভালো খেলোয়াড় ও ভালো মানুষ বানিয়েছেন তাঁদেরও ধন্যবাদ জানাচ্ছি। জীবন আমাকে যা দিয়েছে, আমি চেষ্টা করব তা ফিরিয়ে দেওয়ার।’