নিজস্ব প্রতিনিধিঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার হারের মুখ দেখল নিউজিল্যান্ড। ৬ বছরে প্রথমবার ইনিংসের ব্যবধানে হারল কিউয়িরা। একইসঙ্গে হোয়াইটওয়াশ হল তারা। গলের স্পিন সহায়ক উইকেটে দ্বিতীয় ইনিংসে ৩৬০ রানেই থামলেন উইলিয়ামসনরা। ১৫৪ রানের ব্যবধানে লজ্জার হার দেখে নিউজিল্যান্ড।
গলের দ্বিতীয় ম্যাচে টসে জিতে কিউয়িদের বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। দীনেশ চান্দিমালের ১১২ রান ও কামিন্ডু মেন্ডিসের ১৮২ রানের বিরাট ইনিংসের দৌলতে ৬০২ রান করে মালিঙ্গার দেশের ছেলেরা। জবাবে ব্যাট করতে নেমে প্রবাত জয়সূর্যের ঘূর্ণিতে ৬৬ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৪২ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। তাঁর সঙ্গে জুটি বেঁধে ৩ উইকেট নিজের দখলে করেন নিশান পেরিস।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে ফলোয়ান দেয় শ্রীলঙ্কা। সেই রানও তুলতে ব্যর্থ হয় তারা। প্রথম ওভারেই কোনও রান না করে টম ল্যাথাম ফিরে যান প্যাভিলিয়নে। উইলিয়ামসন ও ডেভন কনভে দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৯৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই জুটি ভয়ানক রূপ নেওয়ার আগেই কনভেকে আউট করে সাজঘরে ফেরান ধনঞ্জয় ডি সিলভা। তারপরই তাসের ঘরের মতো পরপর তিনটি উইকেট খুইয়ে চাপে পড়ে যায় কিউয়িরা। টম বান্ডেল, ফিলিপ্সরা ইনিংস গড়লেও বড় রান কেউ করতে পারেনি। জয়সূর্য ও নিশানের বোলিংয়ের সামনে ৩৬০ রানে থামতে হল কিউয়িদের। অন্যদিকে, প্রথম ম্যাচেও ৬৩ রানে হেরেছিল তারা।