নিজস্ব প্রতিনিধি : ৮ নভেম্বর থেকে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ শুরু। চারটি ম্যাচ খেলবে দু’দল। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ম্যাচ হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৫ নভেম্বর। এরই মধ্যে ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর ফের মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপে খেলা কয়েক জন ক্রিকেটার দলে নেই। নতুন দু’জনকে নেওয়া হয়েছে। ১৬ জনের দল ঘোষণা করা হয়েছে। তাতে নতুন দু’জন জায়গা পেয়েছেন।
ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম, রিজা হেনড্রিক্স, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, অ্যান্ডিলে সিমেলান, মিহলালি মঙ্গোয়ানা, এনকাবা পিটার, জেরাল্ড কোয়েৎজি, মার্কো জানসেন, ওটনেইল বার্টমান, লুথো সিপামলা ও কেশব মহারাজ।
দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েৎজি। চোট লাগার কারণে দুজনেই দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন। বিশ্বকাপের পর আর খেলেননি জানসেন। এবার নভেম্বরে ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে তাঁরা দু’জনেই ঢুকেছেন।
এদিকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাডা ভারতের বিরুদ্ধে নেই। দেশের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করতে চেয়েছেন আনরিখ নোখিয়ে। সেই কারণে তাঁকেও ভারত সিরিজের দলে নেওয়া হয়নি। তবে বিশ্বকাপে খেলা হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজেরা খেলবেন ভারতের বিরুদ্ধে। অধিনায়ক আইডেন মার্করামই তো রয়েছেনই দলে। অন্যদিকে দলে দুই নতুন মুখও রয়েছে। এরা হলেন দুই অলরাউন্ডার মিহলালি মঙ্গোয়ানা ও অ্যান্ডিলে সিমেলান।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ভাল খেলেছেন তাঁরা। সেই কারণেই দুই ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ভাল খেলা ডোনোভান ফেরেইরা ও প্যাট্রিক ক্রুগারকেও দলে বেছে নেওয়া হয়েছে।