নিজস্ব প্রতিনিধিঃ ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও একবারও প্রত্যাশিত পারফমরম্যান্স করতে পারেননি সঞ্জু স্যামসন। অনেক সমালোচনার পর অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে খেলে প্রথম শতরান করে আলোচনার শীর্ষে এখন স্যামসন। শনিবার ৪৭ বলে ১১১ রানের ইনিংস তিনি খেলেছেন।
এই রানের পরেই সঞ্জু স্যামসন জানান,’ একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে মানসিকভাবে অনেক অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। তবে আমি চাপ এবং ব্যর্থতা মোকাবেলা করতে শিখেছি। হেড কোচ গৌতম গম্ভীর বাংলাদেশ সিরিজের সময় আমাকে ওপেনারের ভূমিকা দেওয়ার সিদ্ধান্ত নেন। আমায় এই সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।কোচ গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ব্যাটিং কোচ অভিষেক নায়ারকের কাছে আমি কৃতজ্ঞ।‘ বলা বাহুল্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যর্থতার পর ভারতীয় দলে আবার সুযোগ পাওয়া নিয়ে নিশ্চিত ছিলেন না সঞ্জুর। তবে কোচ টি- ২০ তে ফের সুযোগ দেওয়ায় ব্যাট করে ঝড় তুললেন সঞ্জু স্যামসন।
উল্লেখ্য, ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সঞ্জু স্যামসনের। অনেকবার সুযোগ পেলেও ভালো ফল করতে পারেনি কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। তবে শনিবার তৃতীয় টি-২০ ম্য়াচে শুরু থেকেই রণংদেহি মেজাজে দেখতে পাওয়া যায় সঞ্জু স্যামসনকে। ৪৭ বলে ১১১ রান করে নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন। শুধু তাই নয় স্যামসনের ব্যাটিংয়ে একেবারে ছারখার হয়ে গেছে বাংলাদেশের বোলাররা।