নিজস্ব প্রতিনিধি, প্যারিস: চলতি অলিম্পিক্স ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। এবার নির্ধারিত সময়ে শুরুই করা গেল না ট্রায়াথলন প্রতিযোগিতা। স্যেন নদীর জল দূষিত হওয়ার কারণেই প্রতিযোগিতা শুরু করা যায়নি। একদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
গত শুক্রবারই সৃ্যেন নদীতে আয়োজিত হয়েছিল অলিম্পিক্সের উদ্বোধনী আসরের। কিন্তু শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের সময়েই বৃষ্টি শুরু হয়। শনিবারও প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে নদীর জলে দূষণের মাত্রা অনেকটাই বেড়েছে। বেশ কয়েকটি জায়গায় দূষণের মাত্রা মাপা হয়। কিন্তু সহনশীলতার মাত্রা অনেক উপরে থাকায় খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে কোনও ঝুঁকি নিতে রাজি হননি অলিম্পিক্স গেমসের আয়োজকরা। বিশ্ব ট্রায়াথলন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে একদিনের জন্য প্রতিযোগিতা স্থগিত রেখেছেন।
অন্যদিকে, অলিম্পিক্সের প্রথম তিন দিনে সোনার পদক জেতার নিরিখে বাকি দেশগুলিকে টেক্কা দিয়ে শীর্ষে রয়েছে জাপান। সূর্যোদয়ের দেশের ক্রীড়াবিদরা ছয়টি সোনার পদক জিতেছেন। পাঁচটি করে সোনার পদক জিতেছেন চিন, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। তবে মোট পদক জয়ের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩টি সোনা-সহ মোট ২০টি পদক জিতেছেন মার্কিন ক্রীড়াবিদরা। চতুর্থ দিনে অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ১২টি সোনার পদকের নিষ্পত্তি ঘটবে। ১০ মিটার পিস্তল শুটিং, টেবিল টেনিস, রাগবি, ফেন্সিং-সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।