নিজস্ব প্রতিনিধিঃ ১০০ গ্রামের জন্য অলিম্পিক্সের ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন ভিনেশ ফোগোট। সেই নিয়ে দেশ জুড়ে আলোচনার ঝড় বয়েছিল। সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ত্বরা নিজেদের মতামত জানিয়েছিলেন। কোনও কোনও ক্রীড়া প্রেমীরা তাঁর ফাইনাল থেকে বাদ পড়ে যাওয়ার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধও পেয়েছিলেন। দেশে ফেরার পর বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার পর কংগ্রেসে যোগ দেন ভিনেশ ফোগোট।
তিনি হাসপাতালে থাকাকালীন পি টি ঊষা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে ভিনেশ জানান, “জানি না অলিম্পিক্সে কতটা আমাকে সমর্থন করা হয়েছিল। পি টি ঊষা ম্যাডাম হাসপাতালে আমার সঙ্গে দেখা করেছিলেন। জীবনের কঠিনতম পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেই সময়ে স্রেফ দেখানোর জন্য আমার পাশে গিয়ে দাঁড়ানো হয়েছিল। কিছু না বলেই ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করে দেওয়া হয়েছিল। ওরা নাকি আমার পাশে রয়েছে! এভাবে সমর্থন করা যায় না। লোক দেখান যায়।”
ওজন কমানোর জন্য অনেকটা সময় জল না খেয়ে ছিলেন ভিনেশ। যার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই জন্যই হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে অবশ্য পি টি ঊষা বিনেশের ফাইনাল থেকে ছিটকে যাওয়ার জন্য তাঁর কোচকে দায়ী করেন। তিনি সরাসরি জানান, “কুস্তি, ভারোত্তোলন, বক্সিংয়ের মত খেলায় কোনও খেলোয়াড়ের ওজন বাড়ানো এবং কমানোর দায় থাকে কোচিং দলের উপর। চিফ মেডিক্যাল অফিসার দীনেশ পাদ্রিওয়ালা ও তাঁর দলের কোনও ভুমিকা এতে নেই। তাঁর দলকে যে সমালোচনার মুখে পড়তে হয়েছে তা একেবারেই মেনে নেওয়া যায় না। কোনও সিদ্ধান্তে আসার আগে সকলের একটু ভেবে দেখা উচিত।”