নিজস্ব প্রতিনিধি: প্যারিস অলিম্পিক্সের প্রথম দিনেই গোটা বিশ্বের ক্রীড়াবিদদের টেক্কা দিয়ে গেলেন চিনের প্রতিযোগীরা। শনিবার প্রথম দিনে দুটি সোনার পদক জিতেছে। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত বিভাগে সোনা জিতেছে শি চিনফিংয়ের দেশ। শুটিংয়ের পাশাপাশি ডাইভিংয়েও সোনা জিতেছেন ক্রীড়াবিদরা। আর দীর্ঘ ২০ বছর বাদে অলিম্পিক্সের প্রথম দিনেই পদক পেয়েছে ব্রিটেন।
ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সে ফুটবল-সহ বেশ কয়েকটি বিভাগে খেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার শ্যেন নদীর তীরে আনুষ্ঠানিকবাদে উদ্বোধন হয়েছিল গেমসের। আর উদ্বোধনের পরেই এদিন সকাল থেকে বিভিন্ন বিভাগের খেলা শুরু হয়েছে। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত বিভাগে দুর্দান্ত লড়াইয়ের পর সোনা জিতেছে চিন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছেন চিনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি। আর জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেক্সান্দ্রা জুটি। শুটিংয়ের পাশাপাশি সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়েও দলগত বিভাগে সোনা জিতেছে চিন। রুপো পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রোঞ্জ জিতেছে ব্রিটেন।
অন্যদিকে অলিম্পিক্সের প্রথম দিনে শুটিং ও ডাইভিংয়ের পাশাপাশি রোড সাইক্লিং, স্কেটবোর্ডিং, জুডো, রাগবি সেভেন, ফেন্সিং ও সাঁতারের বেশ কয়েকটি ইভেন্টেরও ফাইনাল রয়েছে।