নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আগামী বছর গোড়ার দিকে আইসিসি আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তাতেই বেজায় চটেছে পাকিস্তানি ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার করায় এবার আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছেন পিসিবি’র শীর্ষ পদাধিকারীরা। সূত্রের খবর, ক্রীড়া বিষয়ক আন্তর্জাতিক আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা ঠুকতে পারে পিসিবি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওই কড়া পদক্ষেপকে পাত্তাই দিচ্ছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ আধিকারিকরা।
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা। কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে দল পাঠাতে রাজি নয ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-কে বিসিসিআই জানিয়ে দিয়েছে, পাকিস্তানে তারা দল পাঠাবে না। আর ভারতীয় বোর্ডের কাছ থেকে ওই বার্তা পাওযার পরেই বিশেষ একটি ইভেন্টই বাতিল করে দিয়েছে আইসিসি। প্রতিযোগিতা শুরুর ১০০ দিন আগে ১১ নভেম্বর লাহোরে ওই অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। যদিও লাহোরের অনুষ্ঠান কেন বাতিল করা হল, সেব্যাপারে বিশদে কিছু জানায়নি আইসিসি।
এর আগেও এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে হাইব্রিড মডেলে ওই প্রতিযোগিতার আয়োজন করতে বাধ্য হয়েছিল এশিয়া ক্রিকেট কাউন্সিল। রোহিত শর্মারা সব কয়টি ম্যাচ শ্রীলঙ্কার মাঠে খেলেছিলেন। এবারও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। কিন্তু সেই প্রস্তাব মানতে রাজি হয়নি প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকার করায় যাতে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি জানিয়েছিলেন পিসিবি কর্তারা। কিন্তু আইসিসির কর্তারা তাতে রাজি হননি।