নিজস্ব প্রতিনিধি: লখনউয়ের একানা স্টেডিয়ামে মঙ্গলবার রাতে (১ এপ্রিল) মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস ও পঞ্জাব কিংস। চলতি আইপিএলে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন ঋষভ পন্থরা। তার মধ্যে একটিতে জিতেছেন। অন্যটিতে হেরেছেন। উল্টোদিকে প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে জয় দিয়েই অভিযান শুরু করেছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। তবে আজকের ম্যাচে দুই দলই জয়ের লক্ষ্যে ঝাঁপাবে বলে মনে করা হচ্ছে।
চলতি আইপিএলে প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দিল্লির কাছে হার মানতে হয়েছিল লখনউকে। তবে দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদকে হেসেখেলেই হারিয়েছে। যদিও অধিনায়ক ঋষভ পন্থের ফর্ম যথেষ্টই উদ্বেগজনক। তিন বিদেশি নিকোলাস পুরান, মিচেল মার্শ ও ডেভিড মিলার শুধু ধারাবাহিক রান পেয়েছেন। তবে আইডেন মার্করাম-আয়ুষ বাদোনিরাও তেমন কিছু করতে পারেননি। প্রতিদিন পুরান্-মিচেলরা ব্যাট হাতে ভুরিভুরি রান করবেন তা ভাবার কোনও কারণ নেই। বল হাতে শার্দূল ঠাকুর বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠেছেন। দিগবেশ সিংহরাও আঁটোসাঁটো বোলিং করে বিপক্ষকে চাপে রাখতে সক্ষম হয়েছেন।
গত ১৭ বছর আইপিএল খেললেও শিরোপা অধরা থেকে যাওয়া পঞ্জাব কিংস অবশ্য এবার নতুন উদ্যমে ঝাঁপিয়েছে। প্রথম ম্যাচেই শক্তিশালী গুজরাতের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ে সবাইকে চমকে দিয়েছে প্রীতি জিন্টার দল। অপরাজিত ৯৭ রানের এক দুরন্ত ইনিংস খেলেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রিয়াংশ আর্য ও শশাঙ্ক সিংহের মতো তরুণ ব্যাটাররা দলকে ভরসা জোগানোর মতো ইনিংস খেলেছেন। দলে রয়েছেন আর্শদীপ সিংহ, যুজবেন্দ্র চহাল, মার্কাস স্টোইনিসের মতো বোলাররা। যারা যে কোনও মুহুর্তে যে কোনও ম্যচের রং বদলে দিতে পারেন।
আইপিএলে মুখোমুখি সাক্ষাতে অবশ্য পঞ্জাব কিংসের তুলনায় এগিয়ে লখনউ সুপার জায়ান্টস। এখনও পর্যন্ত দুই দল মোট চার বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে তিন বারই জিতেছে লখনউ। এক বার জয়ী হয়েছে পঞ্জাব। লখনউয়ের বিরুদ্ধে পঞ্জাবের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর যথাক্রমে ২০১ ও ১৩৩। উল্টোদিকে পঞ্জাবের বিরুদ্ধে লখনউয়ের সর্বোচ্চ স্কোর ২৫৭ এবং সর্বনিম্ন ১৫৯। গতবার শেষ সাক্ষাতে পঞ্জাবকে ২১ রানে হারিয়ে জয়ী হয়েছিল লখনউ।