নিজস্ব প্রতিনিধি: অলিম্পিক্সে ফের পদক জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে বক্সার লভলিনা বরগোঁহাই। বুধবার মহিলাদের বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগের প্রিকোয়ার্টার ফাইনালে নরওয়ের সানিভা হফস্টাডকে হারিয়ে শেষ আটে উঠলেন তিনি। প্যারিসে পদক নিশ্চিত করতে হলে আর একটি ম্যাচ জিততে হবে দেশের অন্যতম সেরা মহিলা বক্সারকে। আগামী ৪ অগস্ট কোয়ার্টার ফাইনালে লভলিনার প্রতিপক্ষ চিনের লি কুইয়ান। উল্লেখ্য, কুস্তিতে সুশীল কুমার এবং ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ছাড়া ভারতের আর কোনও খেলোয়াড়ের ব্যক্তিগত ইভেন্টে পর পর দুটি অলিম্পিক্সে পদক জয়ের নজির নেই।
বক্সিংয়ে যেমন পদক জয়ের আশা দেখাচ্ছেন লভলিনা, তেমনই তিরন্দাজিতেও পদকের আশা জিইয়ে রেখেছেন ভারতের মহিলা তিরন্দাজেরাও। ভজন কৌরের পাশাপাশি প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন দীপিকা কুমারীও। আগামী ৩ অগস্ট ভজনের ইন্দোনেশিয়ার দিয়ানন্দা চৌরুনিসার বিরুদ্ধে নামবেন ভজন আর দীপিকা খেলবেন জার্মানির মিচেল ক্রোপেনের বিরুদ্ধে।
অন্যদিকে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন লক্ষ্য সেন। বিশ্বের তৃতীয় বাছাই তথা অল ইংড্যান্ড চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে স্ট্রেট গেমে (২১-১৮, ২১-১২) হারিয়েছেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়। প্রথম গেমে সমানে সমানে লড়াই হলেও দ্বিতীয় গেম দাপটে জিতে নেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। লক্ষ্যের পাশাপাশি প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন পি ভি সিন্ধু। এস্তোনিয়ার ক্রিস্টিন কুবাকে ২১-১৮, ২১-১২ গেমে হারিয়েছেন তিনি।