নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ‘আত্মসম্মান’ খুঁইয়ে শুধুমাত্র টাকার জন্য লখনউ সুপার জায়ান্টসে থাকতে নারাজ দলের অধিনায়ক লোকেশ রাহুল। বরং ‘সম্মান’ নিয়ে আইপিএলে নিজের পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই (আরসিবি) ফিরতে চলেছেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই আরসিবি’র শীর্ষ কর্তাদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলেছেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক। আইপিএলের নিলামের আগেই চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে চলেছেন দু’পক্ষ।
বেঙ্গালুরুর বাসিন্দা লোকেশ রাহুল বেশ কয়েক বছর আইপিএলে আরসিবি’র হয়ে খেলেছেন। তাছাড়া কর্নাটকের হয়ে রঞ্জিও খেলেন নিয়মিত। গত বছর লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছিলেন তিনি। দলের অধিনায়কের দায়িত্বও বর্তেছিল তাঁর কাঁধে। কিন্তু শুরুটা দারুণ করলেও আইপিএলে বিশেষ দাগ কাটতে পারেনি লখনউ। শেষের দিকে জঘন্য পারফরম্যান্সের কারণে প্লেঅফে ওঠা হয়নি।
আর তাতেই মেজাজ খাপ্পা হয়েছিল লখনউয়ের কর্ণধার তথা জাত বেওসায়ী হিসাবে পরিচিত সঞ্জীব গোয়েঙ্কার। তিনি প্রকাশ্যেই তিরস্কার করেন রাহুলকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার ভিডিয়া ভাইরাল হয়ে যায়। নেটা নাগরিক থেকে শুরু করে ক্রিকেট প্রেমীরা অর্থের বলে বলীয়ান সঞ্জীবের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর শিক্ষা ও পারিবারিক সংস্কারকেও বেঁধেন অনেকে। চাপে পড়ে রাহুলের কাছে দুঃখপ্রকাশও করেন ‘বিজেপি ঘনিষ্ঠ’ শিল্পপতি। যদিও প্রকাশ্যে তাঁকে যে অপমান করেছেন লখনউ কর্ণধার, তা ভুলতে পারেননি রাহুল। তাই লখনউ দলে আর থাকতে চাইছেন না। পুরনো দল আরসিবি’তে ফিরে যেতে চাইছেন। সূত্রের খবর, নিলামে রাহুলকে দল টানতে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি’র শীর্ষ কর্তারা।