নিজস্ব প্রতিনিধি: চোটের কারণে ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজে থাকতে পারছে না শরিফুল ইসলাম। তাঁর বদলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাকের-কে নিযুক্ত করেছে। ইতিমধ্যে জাকের ১৭টা টি২০ ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়ে। এই প্রথমবার সুযোগ হল টেস্ট ম্যাচ খেলার জন্য। প্রধানত মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবেই তিনি খেলার সুযোগ পেয়েছেন।
প্রথমবার সুযোগ পেয়ে জাকের বলেন, “সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেটার জন্য সুযোগ পেয়ে বেশ ভালোই লাগছে। ২০১৭ ,সাল থেকে আমি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে আসছি।” তবে টেস্ট প্রথমবার পা দিলে কি হবে, ভারতকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী জাকের। তিনি বলেন, “প্রস্তুত মনে করেছেন বলেই নির্বাচকরা স্কোয়াডে নিয়েছেন। এখন আমার কর্তব্য নিজের পারফরম্যান্স দিয়ে দেওয়া।”
ভারতের বিষয়ে তিনি বলেন, “ভারতীয় বোলারদের নিয়ে পরিকল্পনা আছে, নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে তবে এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে রান করলে ভাল কিছু হবে।” সদ্য পাকিস্তানকে টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে হারিয়েছে। তাই এই মুহুর্তে বাংলাদেশ বেশ জয়ের মেজাজেই আছে। সেই সঙ্গে বেড়েছে বেশ আত্মবিশ্বাসও। সেই আত্মবিশ্বাস থেকেই জাকের বলেন, “যেহেতু সর্বশেষ সিরিজ আমাদের খুব ভাল গিয়েছে তাই আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে। আমাদের এবছরে চেষ্টা থাকবে। যেটা আমরা দল হিসেবে আগে করতে পারিনি তা করার চেষ্টা থাকবে এবারে।”