নিজস্ব প্রতিনিধি: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ঋষভ পন্থের। আইপিএলের চলতি মরশুমটা একেবারেই ভাল যায়নি লখনউ সুপার জায়ান্টস (LSG) অধিনায়কের। তার উপর আইপিএলের নিয়ম ভঙ্গের জন্য ৩০ লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে বিসিসিআই। মঙ্গলবার লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র বিরুদ্ধে ম্যাচে দলের ধীর গতির ওভার রেটের জন্য এই জরিমানা করা হয়। এই মরশুমে এটি নিয়ে পন্থের দল তৃতীয়বার এই নিয়ম ভঙ্গ করেছে।
আইপিএলের আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী, ধীর গতির ওভার রেটের জন্য দলের অধিনায়কের উপর এই কঠোর শাস্তি আরোপ হয়। পন্থের পাশাপাশি লখনউ সুপার জায়ান্টসের (LSG) বাকি খেলোয়াড়, ইমপ্যাক্ট প্লেয়ার সহ প্রত্যেকের উপর ১২ লক্ষ টাকা বা তাদের ম্যাচ ফি-এর ৫০ শতাংশ, যেটি কম হয়, সেই পরিমাণ জরিমানা করা হয়েছে। এই ম্যাচে পন্থ নিজে দুর্দান্ত পারফরম্যান্স করে একটি অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়েছেন। কিন্তু তাঁর দল জিততে পারেনি উপরন্তু ধীর গতির ওভার রেটের কারণে এই জরিমানা ঠিক যেন গোদের উপর বিষ ফোঁড়া।
এর আগেও পন্থের দল এই মরশুমে দুইবার ধীর গতির ওভার রেটের জন্য জরিমানার মুখে পড়েছিল। প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১২ লক্ষ টাকা এবং দ্বিতীয়বার ২৪ লক্ষ টাকার জরিমানা করা হয়। তবে, আইপিএল ২০২৫-এর নিয়মে পরিবর্তনের কারণে তৃতীয়বারের অপরাধের জন্য পন্থের উপর ম্যাচ নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
গত বছর, আইপিএল ২০২৪-এ তৃতীয়বারের অপরাধে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে পন্থকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এই বছর নিয়মে কিছুটা শিথিলতা আনা হয়েছে, যার ফলে তিনি নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেয়েছেন। এই ঘটনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, পন্থের মতো প্রতিভাবান খেলোয়াড়ের উপর এই ধরনের জরিমানা তাঁর মনোবলের উপর প্রভাব ফেলতে পারে। তবে, বিসিসিআই নিজেদের নিয়ম রক্ষায় অনড়।