নিজস্ব প্রতিনিধি: বিরাট কোহলি কেরিয়ারের মাইলফলক ছুঁলেন আজ। আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ তম ম্যাচ পূরণ হল তাঁর। এই মূহুর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হাইভোল্টেজ ম্যাচ চলছে। এখনও পর্যন্ত ভারতের স্কোর দাঁড়িয়েছে ৩২ ওভারে ১৩৮ রান। যাই হোক, সকাল থেকেই খবরে ছিল স্বামীর মাইলফলক ৩০০ তম ম্যাচের সাক্ষী হতে দুবাইয়ে গিয়েছেন অনুষ্কা শর্মা। শুধু তিনি একা নন, দুবাইয়ের গ্যালারিতে দেখা মিলেছে বিরাটের দাদা বিকাশ কোহলিরও। প্রতিটি ম্যাচের মতো এদিনও প্রথম থেকেই স্বামীর জন্যে উত্তেজিত ছিলেন অনুষ্কা। কিন্তু এদিনের ম্যাচে মাত্র ১১ রানেই আউট হয়ে যান বিরাট কোহলি।
লক্ষ লক্ষ ভারতীয়র মতো হৃদয় ভেঙে যায় অনুষ্কারও। নায়িকার সেই প্রতিক্রিয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিন মাত্র ১৪ বলে ১১ রান করার পর, নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরির বলে অফ সাইডের দিকে আঘাত করেন বিরাট, যার ফলে গ্লেন ফিলিপস একটি অসাধারণ উড়ন্ত ক্যাচ লুপে নেন এবং মাত্র ১১ রান করেই আজকের ম্যাচ থেকে বিদায় নেন বিরাট কোহলি। ফিলিপসের অসাধারণ ক্যাচ দেখে কোহলিও মুহূর্তের জন্য হতবাক হয়ে গিয়েছিলেন। আর তা দেখে অনুষ্কাকে হতাশায় কপাল চেপে ধরতে দেখা যায়। সঙ্গে তাঁর বন্ধুদেরকে কিছু বিড়বিড় করে বলতে দেখা যায়। হতাশার ছাপ তাঁর চোখে-মুখে স্পষ্ট ছিল।
তবে আজ ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ যে এই ম্যাচে জিতবে উভয় দলই গ্রুপ এ-র শীর্ষে পৌঁছে যাবে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে আবারও ভক্তদের কটাক্ষের মুখে পড়েছেন অনুষ্কা শর্মা। কেউ কেউ বলেছেন, গত রবিবার ভারত বনাম পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচে অনুপস্থিত ছিলেন অনুষ্কা। তাই ১০০ রান করে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন কোহলি। কিন্তু এবার অনুষ্কার উপস্থিতিতে বিরাটের খারাপ পারফরম্যান্স হল।