নিজস্ব প্রতিনিধি: লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দলে ফিরেই বল হাতে আগুন ঝরিয়েছেন ভারতীয় স্পিডস্টার যশপ্রীত বুমরা। প্রতিপক্ষ ইংল্যান্ডের পাঁচ ব্যাটারের উইকেট ঝুলিতে পোরার সঙ্গে সঙ্গেই ভেঙে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব নিখাঞ্জের রেকর্ড। বিদেশের মাটিতে ভারতীয় বোলার হিসাবে সর্বাধিক পাঁচ উইকেট শিকারের মালিক হয়েছেন। একই সঙ্গে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমের রেকর্ডও ছুঁয়েছেন।
লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথমদিনে অর্থাৎ বৃহস্পতিবার হ্যারি ব্রুককে ফিরিয়েছিলেন বুমরাহ। শুক্রবার দিনের শুরু থেকেই বল হাতে আগুন ঝরাতে থাকেন ভারতের স্পিডস্টার। বলা চলে তাঁর আগুনে বোলিংয়ের জোরেই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে সক্ষম হয়েছিল টিম ইন্ডিয়া। এদিন প্রথমে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে ফিরিয়ে দেন বুমরাহ। পরে পর পর দুই বলে ফেরান শতরানকারী জো রুট ও ক্রিস ওকসকে। পরে জোফ্রা আর্চারকে ফিরিয়ে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েন। ২৩ ওভারে মাত্র ৭৪ রান দিয়েই পাঁচ উইকেট ঝুলিতে পোরেন। আর পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই ছাড়িয়ে যান কপিল দেবকে।
বিদেশের মাটিতে সবচেয়ে বেশিবার এক ইনিংসে পাঁচ উইকেট শিকারের মালিক ছিলেন পাঁজি। তিনি ৬৬টি টেস্টে ১২ বার ইনিংসে পাঁচ উইকেট দখল করেছেন। সেখানে যশপ্রীত বুমরা মাত্র ৩৫টি টেস্ট খেলেই ১৩ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট শিকারের মালিক হয়েছেন। তালিকায় তিন নম্বরে রয়েছেন ইশান্ত শর্মা। তিনি ৬৩টি টেস্টে ৯ বার ইনিংসে পাঁচ বা তাঁর বেশি উইকেট ঝুলিতে পুরেছেন। চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছেন জাহির খান ও ইরফান পাটান। দুজনে যথাক্রমে ৮ ও ৭ বার পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন।