নিজস্ব প্রতিনিধি: একেই বলে তীরে এসে তরী ডোবা। চলতি কোপা আমেরিকায় দুরন্ত ছন্দে ছিল উরুগুয়ে। গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুর্দান্ত খেলেছিলেন লুইস সুয়ারেজরা। কিন্তু বুধবার রাতে পচা শামুকে পা কাটল উরুগুয়ের। কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে কোপা আমেরিকার শিরোপা জয় অধরা থেকে গেল। ১০ জনের কলম্বিয়াকে হারাতে পারলেন না সুয়ারেজরা।
এদিন ম্যাচের শুরু থেকেই দু’দলের খেলোয়াড়রা শৈল্পিক ফুটবলের পরিবর্তে গা জোয়ারি ফুটবল খেলতে শুরু করেন। ফলে রেফারিকে একাধিকবার হলুদ কার্ড বের করতে হয়। কোনও দলই প্রতিপক্ষের রক্ষণ ভাঙার মতো সুযোগ পাননি। শেষ পর্যন্ত ৩৯ মিনিটে অধিনায়ক হামেস রদ্রিগেজের কর্নার থেকে হেডে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন কলম্বিয়ার সেন্টারব্যাক জেফারসন লেরমা। গোল খাওয়ার পরেই মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল উরুগুয়ের ফুটবলাররা। কিন্তু কলম্বিয়ার রক্ষণ ভাঙতে পারেনি। প্রথমার্ধের সংযুক্তি সময় উরুগুয়ের ডিফেন্সিভ মিডফিল্ডার মানুয়েল উগার্তেকে কনুই মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ড্যানিয়েল মুনোজ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও ফের চড়া মেজাজে খেলতে থাকেন দু’দলের ফুটবলাররা। একে অন্যকে লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চালান। যদিও ১০ জনের কলম্বিয়াকে তেমন পরীক্ষার মুখে ফেলতে পারেননি মার্সেলো বিয়েলসার শিষ্যরা। গোল মিলছে না দেখে লুইস সুয়ারেজকে পরিবর্ত খেলোয়াড় হিসাবে নামিয়েছিলেন উরুগুয়ে কোচ। যদিও তিনিও কিছু করতে পারেননি। ৭১ মিনিটে তাঁর একটি শট পোস্টে লেগে ফিরে আসে। ৮৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল কলম্বিয়া। ম্যাতিয়াস উরিব ফাঁকা নেট পেয়েও বাইরে মারেন। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে ২৩ বছর বাদে ফের কোপার ফাইনালে ওঠার ছাড়পত্র জোগাড় করে নেয় কলম্বিয়া।