নিজস্ব প্রতিনিধি, দুবাই: আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। যথারীতি টসে হেরেছেন রোহিত শর্মা। এ নিয়ে টানা ১২ ম্যাচে টসে হারলেন তিনি আর ১৫টি ম্যাচে হারল টিম ইন্ডিয়া। যা বিশ্ব রেকর্ড। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
গ্রুপ লিগের সব কয়টি ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে রোহিত ব্রিগেড। বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ চারে পৌঁছেছিল রোহিত বাহিনী। সেমিফাইনালে একদিনের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে নিউজিল্যান্ড গ্রুপ লিগে বাংলাদেশ ও পাকিস্তানকে হারালেও ভারতের কাছে পর্যুদস্ত হয়েছিল। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে উঠেছেন মিচেল স্যান্টনাররা। এ নিয়ে পাঁচ বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। আর নিউজিল্যান্ড তৃতীয়বার ফাইনাল খেলবে। আগের ফাইনালে কোন দলের কেমন পারফরম্যান্স, আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
এর আগে ২০০০, ২০০২, ২০১৩ ও ২০১৭ সালে ফাইনাল খেলেছিল টিম ইন্ডিয়া। এরমধ্যে ২০০২ ও ২০১৩ সালে শিরোপা জিতেছিল ব্লু ব্রিগেড। ২০০০ ও ২০১৭ সালে ফাইনাল হেরে শিরোপা অধরা থেকে গিয়েছিল। অন্যদিকে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামছে নিউজিল্যান্ড। এর আগে ২০০০ ও ২০০৯ সালে ফাইনাল খেলেছিল তারা। তার মধ্যে মাত্র একবার শিরোপা জিতেছিল। আর একবার রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। কেনিয়ায় অনুষ্ঠিত ২০০০ সালের আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার নাইরোবিতে নিউজিল্যান্ডকে ২৬৫ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ৪ উইকেটে হারে ভারত। নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নস ১১৩ বলে অপরাজিত ১০২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। ২০০৯ সালে দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হার মানতে হয়। শেন ওয়াটসনের ১০৫ রানের দারুণ ইনিংসে স্বপ্নভঙ্গ হয় কিউইদের।এখনও পর্যন্ত ১১৯টি একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ভারত জিতেছে ৬১ বার। অন্যদিকে নিউজিল্যান্ড জয়ী হয়েছে ৫০ বার। একটি ম্যাচ টাই হয়েছে। ভেস্তে গিয়েছে সাতটি ম্যাচ।
রবিবারের ম্যাচ যেমন রোহিতদের কাছে ২০০০ সালের ফাইনালে হারার বদলা নেওয়ার ম্যাচ, তেমনই মিচেল সান্তনারদের কাছে একদিনের বিশ্বকাপের সেমিফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগে হারার বদলা নেওয়ার ম্যাচ। ফলে দুই দলই যে মধুর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে নামবে, তা বলাই বাহুল্য।