নিজস্ব প্রতিনিধি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগেই ইংল্যান্ডের অধিনায়ক পদ ছাড়ার ঘোষণা করলেন জস বাটলার। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনেই টি ২০ ও একদিনের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেন তিনি। জানান, ‘আগামিকাল শনিবার (১ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচই হচ্ছে অধিনায়ক হিসাবে তাঁর শেষ ম্যাচ।’ বাটলারের ওই ঘোষণায় বিস্মিত হয়ে যান উপস্থিত সাংবাদিকরা।
২০১১ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল জস বাটলারের। ইয়ন মর্গ্যান অবসর নেওয়ার পরে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব পান। তাঁর নেতৃত্বেই ইংল্যান্ড ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। কিন্তু ২০২৩ সালের ভারতে একদিনের বিশ্বকাপ ক্রিকেটে শোচনীয় ফলাফল করেন বাটলাররা। গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয়। আফগানিস্তানের বিপক্ষে হেরেই বিদায় নিতে হয়েছিল। গত বছর টি-২০ বিশ্বকাপও ভাল যায়নি। সেমিফাইনালের আগেই ছিটকে যায় ইংল্যান্ড। বাটলারে অধীনে ইংল্যান্ড ৮১ ম্যাচ খেলেছে, যেখানে জয় ৩৫টিতে। পূর্ণকালীন অধিনায়ক হিসাবে দায়িত্ব নেওয়ার আগেই বিভিন্ন সময় ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সব মিলিয়ে ৯৫ ম্যাচে অধিনায়কত্ব করেন। তার মধ্যে ইংলিশরা জয় পায় ৪৪টি ম্যাচে।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান করেও হার মানতে হয়েছিল বাটলারদের। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ রানে হারের ফলে গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হয়েছে। ফলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে বাটলারদের। আফগানিস্তানের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পরেই জল্পনা শুরু হয়েছিল, অধিনায়কত্ব ছেড়ে সরে দাঁড়াতে পারেন বাটলার। সেই জল্পনাই সত্যি হল।