নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হল। আইপিএলের ফাইনাল সরানো হল কলকাতা থেকে। ইডেন গার্ডেন্সের পরিবর্তে আগামী ৩ জুন ফাইনাল হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামাঙ্কিত স্টেডিয়ামে। আইপিএলের ফাইনালের পাশাপাশি আরও কয়েকটি ম্যাচের ভেন্যুও পরিবর্তন করা হয়েছে।
আইপিএলের চলতি মরশুমের জন্য প্রথম যে ভেন্যু তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে জানানো হয়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল হবে ইডেনে। আগে ঘোষিত ক্রীড়াসূচি অনুযায়ী, দ্বিতীয় কোয়ালিফায়ারের তারিখ ছিল ২৩ মে। আর ফাইনাল ২৫ মে। কিন্তু পাকিস্তানের সঙ্গে সঙ্ঘাতের প্রেক্ষিতে এক সপ্তাহের মতো আইপিএল স্থগিত রাখতে হয়। গত ১৭ ফেব্রুয়ারি থেকে আবার নতুন করে চালু হয়েছে। আর আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হতেই রটে যায়, ঝড়-বৃষ্টির কারণে কলকাতা থেকে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল সরিয়ে নেওয়া হবে আমদাবাদে। ওই কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন কলকাতার ক্রিকেট প্রেমীরা। সমাজমাধ্যমের পাশাপাশি রাস্তায় নেমেও প্রতিবাদ জানিয়েছিলেন তারা। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আশাপ্রকাশ করেছিলেন ‘ইডেনেই আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।’
কিন্তু সেই আশায় জল ঢেলে আজ মঙ্গলবার (২০ মে) আইপিএলের পরিচালন সমিতির তরফে সমাজমাধ্যমে জানানো হয়েছে, আগামী ৩ জুন ফাইনালঅনুষ্ঠিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচও হবে ওই স্টেডিয়ামে ১ জুন। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর হবে পঞ্জাবের নতুন স্টেডিয়াম মুল্লানপুরে। এই ম্যাচ দু’টি হবে ২৯ এবং ৩০ মে। পাশাপাশি দাক্ষিণাত্যে ঝড়বৃষ্টির কারণে আগামী ২৩ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরিয়ে লখনউয়ে নিয়ে যাওয়া হয়েছে।