নিজস্ব প্রতিনিধি : আর মাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির ১৩ দিন বাকি। আচমকাই এক দিনের ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলীয় অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। হঠাৎই অবসর নিয়ে নিলেন অস্ট্রেলীয় দলের অলরাউন্ডার। তাঁর বিকল্প ক্রিকেটার কাকে বেছে নেবে তা ভাবতে ব্যস্ত অস্ট্রেলিয়া।
এই নিয়ে বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি)স্টোইনিস জানিয়েছেন,‘এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে খেলার যাত্রাটা খুবই আনন্দের ছিল। সবুজ-সোনালি জার্সিতে কাটানো প্রতিটা মুহূর্ত মনে রাখব। সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা সারা জীবন মনে থেকে যাবে। অবসরের সিদ্ধান্ত সহজ ছিল না। তবে এক দিনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়ে জীবনের পরের পর্বে মনোনিবেশ করার জন্য এটাই সঠিক সময়।’
একইসঙ্গে তিনি আরও বলেন, ‘রনের সঙ্গে (কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) আমার সম্পর্ক খুব ভাল। সব সময়ে তার সমর্থন পেয়েছি। পাকিস্তানে খেলার সময় ছেলেদের হয়ে খুব চিৎকার করব।’
উল্লেখ্য,২০২৩ সালে একদিনের বিশ্বকাপ জিতেছিলেন স্টোইনিস। এখন তিনি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ডারবান সুপার জায়ান্টের হয়ে খেলছেন। সেখানে বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে হালকা চোট লেগেছে তার। জানা গিয়েছে, টি-টোয়েন্টিতে মনঃসংযোগ করতেই ৫০ ওভারের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন।