নিজস্ব প্রতিনিধি : বঙ্গোপসাগরে ভারতের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে। যা প্রায় সাড়ে ৬ হাজার কিলোমিটার। সেভেন সিস্টার্স নিয়ে মহম্মদ ইউনুসের মন্তব্যের পাল্টা জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেছেন, ভারত পাঁচটি বিমসটেক সদস্যের সঙ্গে সীমান্ত ভাগ করার পাশাপাশি তাঁদের বেশিরভাগকেই সংযুক্ত করে। ভারতীয় উপমহাদেশ এবং আসিয়ানের মধ্যে সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশও প্রদান করে।
তাঁর মতে, বিশেষ করে দেশের উত্তর-পূর্ব অঞ্চলটি বিমসটেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে গড়েহচ্ছে, যেখানে সড়ক, রেলপথ, জলপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। ভারত সব সময় সচেতন থাকে , এই বৃহত্তর ভৌগলিক ক্ষেত্রে পণ্য, পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য সাহায্য এবং সুবিধা প্রদান করা যায়। এই ভূ-কৌশলের দিকে নজর দিয়ে বিমসটেক-কে শক্তিশালী করার দিকে মনোযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস সম্প্রতি চিন সফরে গিয়ে বলেন, ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য। এই রাজ্যগুলো ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনও উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। ইউনুসের এই বক্তব্যের এবার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
উল্লেখ্য, ব্যাঙ্ককে বিমসটেকের সম্মেলনে যোগ দিতে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়েছেম ইউনূসও। জানা গিয়েছে, মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। তারমধ্যে সেভেন সিস্টার নিয়ে বিদেশমন্ত্রীর স্পষ্ট বার্তা অন্য মাত্রা যোগ করেছে।