আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ওপর সরাসরি হামলা চালাল ইজরায়েল। শনিবার ভোর থেকে ইরানের সামরিক ঘাঁটিসহ তেহরান ও আশপাশের শহরগুলোতে একের পর এক চলছে বোমাবর্ষণ। তবে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর বা ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।
এই হামলা প্রসঙ্গে ইজরায়েলের তরফে জানান হয়েছে, ইরানে হামলা চালাতে শতাধিক যুদ্ধবিমান ব্যবহার করেছে ইজরায়েল সেনাবাহিনী। ১ অক্টোবর ইরানের হামলার প্রতিশোধ নিতেই এদিন পাল্টা গোলাবর্ষণ শুরু করে ইজরায়েল বাহিনী। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলায় ১০০ টিরও বেশি ইজরায়েলি বিমান অংশ নেয়। ২০০০ কিলোমিটার দূর থেকে চালানো এই হামলায় F-35 ফাইটার জেট ব্যবহার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইজরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনা বা তেলক্ষেত্রে হামলা চালানো হচ্ছে না। মূলত, সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো চলছে।
তবে এই হামলা নিয়ে ইরানের তরফে জানান হয়েছে, ‘মধ্য তেহরানে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ইরানের রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের পাশাপাশি ইরাক, সিরিয়া ও লেবাননেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাই বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল।‘ বলা বাহুল্য, বর্তমানে চলছে গাজা এবং ইজরায়েলের মধ্যে সঙ্ঘাত। আর সেইসময় ইরানের মাটিতে সরাসরি হামলা চালাল ইজরায়েল সেনা বাহিনী। তাতেই প্রশ্ন উঠছে তাহলে কী এবার ইরান এবং ইজরায়েলের মধ্যে শুরু হল যুদ্ধ ? বর্তমানে ইরান- ইজরায়েলের সঙ্ঘাতের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।