আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় অভিযান চালাতে গিয়ে প্রাণ হারাল ইজরায়েলি সেনা। এই নিয়ে ইজরায়েলি বাহিনীর তরফে জানান হয়েছে, উত্তর গাজা উপত্যকায় অভিযান চালানোর সময় সেনাবাহিনীর এক সদস্য গুরুত্বর জখম হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আর তাতে এখন পর্যন্ত কমপক্ষে ৩২৪ জন ইজরায়েলি সেনা প্রাণ হারান। শুধু তাই নয় হাজার হাজার সেনা আহত হয়েছে।
অন্যদিকে গাজার জাতিসংঘের একটি স্কুলে ইজরায়েলি হামলা চালায়। ওই স্কুলে আশ্রয় নিয়েছিল বাস্তুহারা লোকজন। এই ঘটনায় ১৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পাশাপাশি গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল জাউনি স্কুলে ইজরায়েলি হামলায় ৭৫ জনের বেশি মানুষ আহত হয়েছে। বলা বাহুল্য, ইজরায়েলি হামলার জেরে গাজায় খাবার, জল, ওষুধে তীব্র হাহাকার দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। এই হামলায় এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু। শুধু প্রাণ হারান নয় ইয়রায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। একথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।