নিজস্ব প্রতিনিধি: ভূতে বা অশরীরী আত্মায় বিশ্বাসী, এমন মানুষ অনেকেই আছেন। যাঁরা রাতে সাধারণ কিছু আওয়াজ শুনলেই ভয়ে কেঁপে ওঠেন। পাশাপাশি অন্ধকার রাস্তায় একা যেতেও ভয় পান, একা শুতেও ভয় পান। তবে ভূত বলে কিছু না থাকলেও অশরীরী আত্মা রয়েছে, সেটা অনেকেই মনে করেন। আবার অনেকেই ভূতে বিশ্বাসীদের ভ্রম মনে করেন। শুধু সাধারণ মানুষই নয়, ভূত বিশ্বাস করেন সেলিব্রিটিরাও। কারণে শুটিংয়ের জন্যে নানা জায়গায় ঘুরে বেড়াতে হয়ে তারকাদের। সেখানে গিয়েই নানারকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হন সেলিব্রিটিরা।
ভক্তদের সঙ্গে তা ভাগও করে নেন। যেমন কিছুদিন আগেই অভিনেত্রী কাজল রামোজি ফিল্মসিটিতে ভূত আছে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন। এবার ঘরের মধ্যেই ভূত দেখলেন সোনাক্ষী সিনহা। বর্তমানে রূপালী পর্দায় সোনাক্ষীকে না দেখা গেলেও তিনি OTT প্ল্যাটফর্মে ভালই কাজ করছেন। সঞ্জয় লীলা বনসালির ওয়েব সিরিজ ‘হিরামাণ্ডি’-র পর সোনাক্ষীকে শীঘ্রই ‘নিকিতা রায়’ সিরিজে দেখা যাবে। ইতিমধ্যেই তিনি ছবির প্রচার শুরু করেছেন। সেখানে গিয়েই এবার বাস্তব জীবনে ভূত দেখার একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন সোনাক্ষী।
জানালেন, তিনি নিজের বাড়িতেই ভূত দেখেছেন। তাঁর কথায়, ‘আমি ভূত মোটেও বিশ্বাস করতাম না। যতক্ষণ না আমার সঙ্গে ব্যাপারটা ঘটল। একদিন আমার বাড়িতে আমার সঙ্গে একটি অদ্ভূত ঘটনা ঘটেছিল। এরপর থেকেই আমি ভূত ভয় পাই। কিন্তু ওই ঘটনাটা আমার সঙ্গে মাত্র একদিনের জন্যেই ঘটেছিল। আর কখনও ঘটেনি। হয়তো এটি স্বপ্ন ছিল। কিন্ত ভূত কারো ক্ষতি করেনি।’ এরপর ঘটনাটির বিবরণ দিয়ে অভিনেত্রী বলেন,’ তখন ভোর ৪ টে বাজে। আমরা দুজনেই ঘুমোচ্ছিলাম। তবে আমার চোখ বন্ধ থাকলেও মন সজাগ ছিল। হঠাৎ আমি অনুভব করলাম যে, আমাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে। আমি সেই চাপ অনুভব করলাম। আমি চোখ খুললাম না। আমি নড়তেও পারছিলাম না। পরের দিন সকাল পর্যন্ত যতক্ষন না ভোরের আলো ফুটল আমি চোখ খুলিনি। কিন্তু সব টের পাচ্ছিলাম। এই ঘটনাটি আমাকে নাড়িয়ে দিয়েছিল।’ আপনাদের জানিয়ে রাখি, সোনাক্ষী সম্প্রতি তাঁর বান্দ্রার বাংলোটি ২২.৫ কোটি টাকায় বিক্রি করেছেন।