নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে একের পর এক সুখবর! মা হতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া, বাবা হচ্ছে আপ নেতা রাঘব চাড্ডা। বিয়ের দু’বছরের মধ্যেই ভক্তদের সুখবর দিলেন তারকা দম্পতি। মাস কয়েক ধরেই গুঞ্জন চলছিল যে, মা হতে চলেছেন পরিণীতি চোপড়া। বেশিরভাগ সময়েই গুঞ্জন উঠেছিল অভিনেত্রীর ঢিলেঢালা পোশাক পরার ধরণ দেখে। কিন্তু প্রতিবারেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন। তবে সম্প্রতি কপিল শর্মার শোতে এসে গর্ভবতী হতে চলার আভাস দিয়েছিলেন পরিণীতি এবং রাঘব দুজনেই। এদিকে ‘অমর সিং চামকিলা’ চলচ্চিত্রের পর আর কোনও ছবিতে তাঁকে দেখাও যায়নি। এমনকী তিনি নতুন ছবির ঘোষণাও দেন নি।
শুধু রাজনীতিবিদ স্বামীর সঙ্গে বিদেশে বিদেশে ছুটি কাটাচ্ছিলেন। তখন থেকেই ভক্তদের সন্দেহ হতে শুরু করে। কিন্তু কপিল শর্মার শোতে রাঘব চাড্ডা স্পষ্টতই জানিয়েছিলেন যে, শীঘ্রই সুখবর দিতে চলেছেন তাঁরা। যা শুনে চোখ বড় বড় হয়ে যায় অভিনেত্রীর। তাতেই একপ্রকার নিশ্চিত হয়ে যান অভিনেত্রীর ভক্তরা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাবা-মা হতে চলার সুখবর দিলেন রাঘব-পরিণীতি। সোমবার (২৫ আগস্ট) ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি দিয়েছেন তারকা যুগল। যে পোস্টের একটি ছবিতে লেখা ছিল, ‘১+১ = 3’, এবং আরেকটি ভিডিওতে রাঘব-পরিণীতি দুজনকে একে অপরের হাত ধরে কোনও নির্জন রাস্তায় হাঁটতে দেখা যায়। অভিনেত্রী পোস্টের ক্যাপশনে জুড়ে দেন, ‘আমাদের ছোট্ট পৃথিবী আসতে, সে অন দ্য ওয়ে।’ ২০২৩ সালে রাজস্থানের একটি বিলাসবহুল ফোর্টে জাঁকজমক পূর্ণভাবে রাজনীতিবিদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি চোপড়া। তবে বিয়ের আগে নিজেদের সম্পর্ক নিয়ে কোনও চর্চা হতে দেননি তাঁরা। কেননা নিজেদের সম্পর্কের কথা কখনই জানাননি তরুন রাজনীতবিদ এবং অভিনেত্রী।
জানা যায়, বিদেশে পড়াশোনা করতে গিয়েই একটি সেমিনারে রাঘব-পরিণীতির আলাপ হয়েছিল। তবে সে সময় তাদের শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ থাকলেও দেশে এসে তাঁরা প্রেমে পড়েন। আর প্রেমে পড়া মাত্রই বিয়ের সিদ্ধান্ত নেন। আর এখন বাবা-মা হতে চলেছেন তারকা জুটি। ইতিমধ্যেই তাঁদের পোস্টে ইন্ডাস্ট্রির তারকার শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। ভক্তরা অভিনন্দন জানাচ্ছেন। জানিয়ে রাখি, ২০২৫ সালের শুরু থেকেই বলিউডে একের পর এক খুশির খবর। গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। গত জুনে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা আডভানি। এবার মা হতে চলেছেন পরিণীতি, তবে কবে তাঁর সন্তান ভূমিষ্ঠ হবে তা জানা যায়নি। আপাতত খুশিতে ভাসছেন চোপড়া পরিবার এবং চাড্ডা পরিবার।