নিজস্ব প্রতিনিধি :‘টক্সিক পরিবেশ, সবাই শুধু টাকার পিছনে ছোটে’ বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক সফল পরিচালক অনুরাগ কশ্যপ। রাগে ঘেন্নায় বলিউড ছাড়লেন তিনি। বলিপাড়ায় বাচ্চা থেকে বুড়ো এক নামে চেনে অনুরাগকে। একের পর বলিউডে জনপ্রিয় ছবি ও সিরিজ উপহার দিয়েছেন। তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি তিনি ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। জানালেন ইন্ডাস্ট্রির গোপন রহস্য।রাগে বলিউডকে ‘বিষাক্ত’ বলে মু্ম্বই ছাড়ার কথা জানালেন।পরিচালকের এমন মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক জন্ম নিয়েছে বলিপাড়ায়।
সদ্যই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ কশ্যপ বলিউড সম্পর্কে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি জানান, ‘আমি বলিউড থেকে দুরে থাকতে চাই।তাই মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।বলি ইন্ডাস্ট্রিতে সবাই শুধু টাকার পেছনে ছোটে। টাকা ছাড়া কিছু বোঝে না এরা। কীভাবে সিনেমা কত কোটি টাকায় বিক্রি হবে তার ছক কষতে থাকে তারা।বলিউডে এখন শুধু সবাই বিগ বাজেট ছবি বানাতে চায়। সবাই কোটি কোটি টাকা রোজগার করতে চায়।টাকার নেশাতেই সৃজনশীলতা তলানিতে ঠেকেছে। প্রযোজকরা টাকার কথা ভাবেন। একজন শিল্পির কদর এখন টাকার মাপকাঠিতে বিচার করা হচ্ছে।’
উল্লেখ্য,বর্তমানে অনুরাগ ব্যস্ত মালায়ালাম ছবি ‘ফুটেজ’-এর প্রচার করতে। এই ছবিটি গত বছরের আগস্টে মুক্তি পেয়েছিল, তবে এর হিন্দি সংস্করণটি এই বছরের ৭ মার্চ মুক্তি পাচ্ছে। অনুরাগকে তার আসন্ন ছবি ‘ডাকাত’-এ একজন পুলিশের ভূমিকায় দেখা যাবে। অনুরাগীরা তা দেখার অপেক্ষায় রয়েছেন।