নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক ধরেই গুঞ্জন ৩৭ বছরের সংসার ভাঙতে চলেছে বলিউডের হিরো নং ওয়ান গোবিন্দা এবং সুনীতা আহুজার। শোনা যাচ্ছে, গোবিন্দার সঙ্গে এক বাড়িতে থাকেন না সুনীতা। এক মারাঠা অভিনেত্রীর প্রেমে পড়েছেন হিরো নং ওয়ান। সেই কারণেই তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই গুজবটি উড়িয়ে দিয়েছিলেন সুনীতা। বলেছিলেন, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু গতকাল আবারও গুঞ্জন উঠল যে, গত ডিসেম্বরে গোবিন্দার বিরুদ্ধে প্রতারণা, নিষ্ঠুরতার অভিযোগ এনে ডিভোর্সের মামলা দায়ের করেছিলেন সুনীতা। জানা যায়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বান্দ্রার পারিবারিক আদালতে গোবিন্দার কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন তিনি।
এমনকী সুনীতা ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের ১৩(১)(i), (ia), এবং (ib) ধারার অধীনে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কিন্তু এই গুঞ্জনও সত্য নয়। গোবিন্দার ম্যানেজার এই গুঞ্জনটি অস্বীকার করে জানিয়েছেন, তাঁদের মধ্যে সব ঠিকঠাক আছে। এ আবহে এবার সুনীতা একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হল। যেখানে সুনীতা আহুজা তাঁর কিশোর বয়সে প্রেমের কথা বলেছেন এবং সুপারস্টারের প্রেমে পড়ার কারণ প্রকাশ করেছেন। পাশাপাশি সুনীতা স্বীকার করেছেন যে, তাঁর গোবিন্দাকে বিয়ে করার একমাত্র কারণ ছিল প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। সাক্ষাৎকারে সুনীতা শেয়ার করেছিলেন যে, “আমার কাউকে পছন্দ নয়। কিন্তু এখন আমি শাহরুখ খানকে খুব পছন্দ করি। কারণ তিনি একজন ভদ্রলোক। কিন্তু যখন আমি কিশোর ছিলাম, তখন আমি কেবল ধরম জিকেই পছন্দ করতাম। আমি গোবিন্দাকে তাঁর জন্যই বিয়ে করেছিলাম। কারণ তিনি ধর্মজির মতো। তাঁরা দুজনেই পঞ্জাবি।”
এরপর তিনি আরও স্মরণ করেন যে, গোবিন্দার স্যান্ডউইচ ছবিতে ধর্মেন্দ্রের দ্বারা অনুপ্রাণিত হয়েও তিনি একটি ভূমিকায় অভিনয়ের জন্যে রাজি হয়েছিলেন। একবার তিনি ধর্মজিকে এও বলেছিলেন যে, তিনি গোবিন্দাকে বিয়ে করেছিলেন কারণ হারো নং ওয়ান ধর্মেন্দ্রর মতো দেখতে। যাই হোক, গোবিন্দা ও সুনীতার ডিভোর্স গুঞ্জনে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি তারকা দম্পতি। তবে অভিনেতার ম্যানেজার একটি সংবাদমাধ্যমকে জানান যে, কোনও বিবাহবিচ্ছেদ হচ্ছে না তাদের। এই দম্পতি তাদের সন্তানদের উপর মনোযোগ দিচ্ছেন। সুনিতা এবং গোবিন্দ ১৯৮৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তিন দশকেরও বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে আছেন, তাদের দুটি সন্তান, টিনা এবং যশবর্ধন।গোবিন্দার ব্যস্ত কেরিয়ার এবং বছরের পর বছর ধরে ঘন ঘন সম্পর্কের গুজব সত্ত্বেও, সুনিতা প্রায়শই তাঁর পাশে দাঁড়িয়েছেন সবসময়।