নিজস্ব প্রতিনিধিঃ চলছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। বুধবার ২৮৮ টি আসনে রয়েছে ভোটগ্রহণ। তাই এদিন একদম সাতসকালে বুথে গিয়ে ভোট দিলেন বলিউড তারকা অক্ষয় কুমার। আর সেখানে গিয়েই এক বৃদ্ধ ভোটারের ক্ষোভের মুখে তাঁকে পড়তে হয় । সেই ভিডিও ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধ অভিযোগ করছেন, জুহুতে যে শৌচাগার অক্ষয়কুমার তৈরি করে দিয়েছে সেটির খুব খারাপ অবস্থা। শুধু তাই নয় শৌচালয়ের একটি বাক্স আছে যা লোহার বলে বারবার জং ধরে যায়। অক্ষয়ের কাছে একটি বাক্স চান বৃদ্ধ। আর এই অভিযোগ শুনে অভিনেতা আশ্বাস দিয়ে জানান বিষয়টি নিয়ে মুম্বই মহানগর পালিকার (বিএমসি) কতৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। বলা বাহুল্য, ২০১৭ সালে অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল জুহু সমুদ্র সৈকতে একটি শৌচাগার তৈরি করেছিলেন। আর সেই শৌচাগারের অবস্থা নিয়েই এবার অভিযোগ তুললেন এক বৃদ্ধ।
উল্লেখ্য, এদিন ভোটকেন্দ্রে যাওয়ার সময় অভিনেতার পরনে ছিল কালো শার্ট ও চেক প্যান্ট। একেবারে ফর্মাল পোশাকে সেজেগুজে তিনি ভোট দিতে গিয়েছিলেন। এরপরেই ভোটকেন্দ্রের বাইরে থাকা এক বৃদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন বলি অভিনেতা। অন্যদিকে এদিন সকালেই বুথে গিয়ে ভোট দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং অভিনেতা রাজুমার রাও।