নিজস্ব প্রতিনিধিঃ পথ দুর্ঘটনায় আহতদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে দুর্ঘটনায় আহতরা পাবেন সাত দিনের চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকা । বুধবার ‘ক্যাশলেস ট্রিটমেন্ট’ নামে একটি প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি । আর সেখানেই দুর্ঘটনায় আহতদের জন্য ঘোষণা করা হল আর্থিক সাহায্যের ।
এই প্রসঙ্গে গড়করি বলেন,’ দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানানো হলে সরকার চিকিত্সার ব্যয় বহন করবে। আহতরা সাত দিনের চিকিৎসার জন্য পাবেন দেড় লক্ষ টাকা । সেইসঙ্গে হিট অ্যান্ড রান মামলায় মৃতদের দু’লক্ষ টাকা দেওয়া হবে। ‘ বলা বাহুল্য, মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহন মন্ত্রীদের সাথে বৈঠক করেন নীতিন গড়করি । আর সেই বৈঠকের পরেই ঘোষণা হল পথ দুর্ঘটনায় আহতদের ‘ক্যাশলেস ট্রিটমেন্ট’ প্রকল্পের ।
উল্লেখ্য, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এরমধ্যে ৬৬ শতাংশ দুর্ঘটনার কবলে পড়েছে ১৮ থেকে ৩৪ বছর বয়সীরা । পথ দুর্ঘটনায় ১০ হাজার শিশুর মৃত্যু হয়েছে। এমন পরিসংখ্যান সামনে আসতেই দুর্ঘটনায় আহত এবং নিহতদের জন্য প্রকল্পের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ।